
কন্ঠ প্রতিবেদন।। নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে আগামীতে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবে। নতুন কুঁড়ির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই প্রথম খুলনা সফরকে কেন্দ্র করে খুলনার মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা যায়, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সারাদেশের মতো উন্নয়নের জোয়ার খুলনায়ও শুরু হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাদের বন্ধ মিলগুলো খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরের উন্নয়নেও তিনি ব্যবস্থা নিয়েছেন। মোংলা বন্দরের উন্নয়নের সাথে খুলনার উন্নয়ন জড়িত, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। অতীতে খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল, সেই ঐতিহ্য আমাদের আবার ফিরিয়ে আনতে হবে।প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। এবারের আসরে মোট ১০টি ইভেন্ট থাকছে।তিনি আরও জানান, সরকার স্কুল-কলেজের মাঠ ছাড়াও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। চলতি বছরই এক হাজার ইউনিয়নে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ চলতি অর্থবছরেই শুরু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ’র চেয়ারম্যানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।