
এস এম মমিনুর রহমান।। ফুলতলায় মাটির নিচেই মিলল পিস্তল-গুলি”যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে।ওই মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে এ অভিযান চালানো হয়। এর আগে অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার রমজান (২২)-কে জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলোর তথ্য পাওয়া যায়। গ্রেপ্তার রমজান দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে বাঁশবাগানের পশ্চিম পাশ থেকে মাটিচাপা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ বোরের পিস্তল ও একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান। এছাড়া পিস্তলের সাত রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গুলির প্রতিটির পেছনে ‘KF 7.65’ লেখা রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির চিহ্ন ছিল।এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের একপর্যায়ে রমজানকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের দাবি, রমজানের দেওয়া তথ্য অনুযায়ীই হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধারের এই অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।