
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে র্যাব-৬। পরে তাঁকে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে একদল সন্ত্রাসী বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা তাঁদের নাম ধরে গালিগালাজ করে এবং বাড়িতে না পেয়ে ঘরের দরজা-জানালায় গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক মোঃ সোহরাব মুন্সি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তরের পর মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।