
মো. আনোয়ার হোসেন।। ফুলতলার সুপ্রিয়া কুন্ডু এমবিএ সম্পন্ন করার পর প্রচলিত চাকরির পথে না গিয়ে বিআরটিসির ডাবল ডেকার পিংক মহিলা বাসের চালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের স্বপ্ন, পরিবারের সমর্থন ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি বড় গাড়ি চালানোর পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।খুলনার আজম খান কমার্স কলেজ থেকে মার্কেটিংয়ে এমবিএ করা সুপ্রিয়া প্রথমে খুলনা টিটিসিতে ড্রাইভিং শেখেন। পরে বিআরটিসির প্রশিক্ষণ নিয়ে বড় বাস চালনায় দক্ষতা অর্জন করেন এবং বর্তমানে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাকে নিজের সবচেয়ে বড় গর্ব বলে জানান।তিনি বলেন, প্রশিক্ষণের সময় মিরপুর, কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন সড়কে বাস চালিয়েছেন। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও সহকর্মী, ট্রাফিক সার্জেন্ট ও প্রশাসনের সহযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছেন।সুপ্রিয়ার মা জানান, প্রথমে উদ্বেগ থাকলেও মেয়ের সাহস ও আত্মনির্ভরশীলতায় পরিবার গর্বিত। বিআরটিসির ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, সুপ্রিয়া একজন দক্ষ চালক ও প্রশিক্ষক। বর্তমানে বিআরটিসি আরও ২০০ নারী প্রশিক্ষণার্থীকে ড্রাইভিংয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিচ্ছে।সুপ্রিয়ার আহ্বান, নারীদের ঘরে বসে না থেকে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে হবে এবং প্রয়োজনের সময় নিজেরাই স্টিয়ারিং ধরার সক্ষমতা গড়ে তুলতে হবে।