
বটিয়াঘাটা প্রতিনিধি :খুলনার বটিয়াঘাটা উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর বারোটায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল হাই মোহাম্মদ আনাছ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়। গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন, সঠিক ও তথ্যভিত্তিক জনসচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। এ ক্ষেত্রে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভা শেষে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।