
বিশেষ প্রতিবেদক।। ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র কয়েকটি টিম নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা এবং ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করছেন।ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে-সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস্ এই ভিডিও’তে দেখানো হয়েছে।কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনা করেন।রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।টি এন্ড টি মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। শশি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় ও রাইফেলস্ মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। বয়রা ডাক বিভাগ মাধ্যমিক বিদ্যালয় ও হাজী ফয়েজ উদ্দিন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিঃ দায়িত্বে প্রসিকিউশন) শফিকুল ইসলাম।কেএমপির এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি পাবে; ফলে সামাজিক এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় উন্নতি সাধন হবে।