
বটিয়াঘাটা অফিসঃ— আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসনের সম্মিলিত জাতীয় জোট মনোনীত ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সুনীল শুভ রায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে তিনি বলেন, অতীতে দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ২০১৭ সালে সম্মিলিত জাতীয় জোট গঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তিনি আরও জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।মতবিনিময় সভায় সম্মিলিত জাতীয় জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।