
বটিয়াঘাটা প্রতিনিধি।।বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।এ সময় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।মানববন্ধনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।