
কন্ঠ প্রতিবেদন।।ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।তিনি বলেন, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কোনো কালার দেওয়ার সুযোগ নেই। রাজনীতির বিষয়ে আমরা তেমন কিছু পাইনি। তারা ২৫ সেপ্টেম্বর থেকে হত্যা করার পরিকল্পনা শুরু করে এবং ১৯ অক্টোবর জোবায়েদকে হত্যা করে৷তিনি আরও বলেন, গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের রৌশান ভিলার সিঁড়িঘরে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, হত্যার দিন বিকেলে টিউশনির সময় জোবায়েদ রৌশান ভিলায় পৌঁছালে মাহির ও আয়লান সিঁড়ির নিচে ওত পেতে থাকেন। সেখানে মাহির জোবায়েদকে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেন এবং একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। তখন মাহির ব্যাগ থেকে সুইচ গিয়ার ছুরি বের করে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার সময় মেয়েটি ভবনের তৃতীয় তলায় দাঁড়িয়ে ছিলেন।ওই ছাত্রীসহ মাহির রহমান (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। তিনি বলেন, জোবায়েদ হোসেনকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান।এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এক মাস আগে।অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ।