
বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি অবৈধ পাটা (বাঁধজাতীয় মাছ ধরার উপকরণ) বিনষ্ট এবং প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জাল ও পাটা অপসারণ করা হয়।মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।