
নিজস্ব প্রতিবেদক।। খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল প্রায় ৯টায় লেকের পানিতে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে হরিণটানা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নিহত কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া কিশোরটির আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। উদ্ধারকালে তার পরনে ছিল বাদামী রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খুলনাসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে, যদি কোনো শিশু নিখোঁজ থাকার তথ্য কারও জানা থাকে বা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কেউ তথ্য দিতে পারেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা হরিণটানা থানার সঙ্গে যোগাযোগ করার জন্য।
পুলিশের আশা, জনসাধারণের সহযোগিতার মাধ্যমে অজ্ঞাত এই কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং তার পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া যাবে।