
স্টাফ রিপোর্টার।। খুলনায় দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর শিববাড়ী মোড়ের প্রবাহ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রবাহ পাঠক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, গভীর রাতে পত্রিকা অফিসে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত। হামলার ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।বক্তারা আরও বলেন, একের পর এক খুন, গুলি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের কারণে খুলনা অনিরাপদ হয়ে উঠছে। কয়েকদিন আগে জাতিসংঘ শিশু পার্ক এলাকায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনায় কাউকে গ্রেফতার না করায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়েছে। তারা প্রবাহ ভবনের পেছনের বস্তি উচ্ছেদসহ মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান। কর্মসূচিতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রবাহের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।