
নিজস্ব প্রতিবেদক।।খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ হাফিজুর রহমান মিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে লবণচরা থানার এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লবণচরা থানাধীন বুখারিয়া পাড়া এলাকায় ফিরোজের চায়ের দোকানের সামনে থেকে হাফিজুর রহমান মিরাজকে আটক করা হয়।আটক মিরাজ খুলনা খালিশপুর হাউজিং এস্টেট-৩ এলাকার মৃত ইয়ার আলীর ছেলে। তার কাছ থেকে ১১ বোতল মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।লবণচরা থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, হাফিজুর রহমান মিরাজের বিরুদ্ধে প্রতারণা ও মারামারিসহ দুটি মামলা রয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান মিরাজ সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।