কন্ঠ প্রতিবেদন।। বৃষ্টি আর বৈরী আবহাওয়াকেও উপেক্ষা করে খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল জনসমাবেশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি খুলনাকে আবারও ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা জাতিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাব্যবস্থার যে অগ্রগতি হয়েছে, সেই উন্নয়নের ধারা আর কেউ থামাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
শিল্পনগরী খুলনার অতীত গৌরব স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র ছিল খুলনা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে শিল্পকারখানা বন্ধ করে এ অঞ্চলের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প, অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষা নগরীতে পরিণত করতে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, খুলনায় কোনো মাদক কারবারি বা তাদের সহযোগীদের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে এখনো একটি বিশেষ চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চক্রান্ত প্রতিহত করা হবে এবং ফ্যাসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতৃবৃন্দের উপস্থিতি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা-র সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন বিসিবির পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
বৃষ্টি উপেক্ষা করে জনসমাগম
দুপুর থেকেই মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ড, থানা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। অতিথিদের আগেই জিয়া হল চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশের শুরুতে জাসাসের শিল্পীরা জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করেন। পরে অতিথিবৃন্দ আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোভাযাত্রা বাতিল করা হয়।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় প্রধান কার্যালয়সহ সকল থানা, উপজেলা ও ওয়ার্ড কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।