বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় সরকার অনুমোদিত খুচরা সার ডিলাররা সমন্বিত সার নীতিমালা-২০২৬ প্রণয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর গণস্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া হয়।খুচরা সার বিক্রেতারা জানান, ২০০৯ সালের নীতিমালার আওতায় সরকারি কোষাগারে ৩০ হাজার টাকা জামানত জমা দিয়ে বটিয়াঘাটার ৬৩ জন সার ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের কাছে সার ও কৃষি উপকরণ সরবরাহ করে আসছেন। কিন্তু ২০২৫ সালের ১৩ নভেম্বর বিদ্যমান ডিলারদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন নীতিমালা প্রণয়ন করায় দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অভিজ্ঞ ও দীর্ঘদিনের খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। এতে মাঠপর্যায়ে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।স্মারকলিপিতে বিদ্যমান খুচরা সার বিক্রেতাদের অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমন্বিত, ন্যায়সঙ্গত ও টেকসই “সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা- ২০২৬” প্রণয়নের দাবি জানানো হয়।