এস এম মমিনুর রহমান।।সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় মেনে নিন। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত ৭ দফা দাবি মেনে নিন, অন্যথায় এই ৭ দফা এক দফার দাবিতে পরিণত হবে। গতকাল শুক্রবার ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে খুলনার ফুলতলায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, গত আট মাসে সরকার দেশের কল্যাণে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। বরং নিজ দলের নেতাকর্মীদের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, সারের ডিলার নিয়োগ এবং টেন্ডারবাজির উন্নয়ন করেছে। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে ১১ দলীয় ঐক্যের আহ্বানে ফুলতলাবাসীকে এক দফা দাবিতে রাজপথে নামার আহ্বান জানান তিনি। প্রয়োজনে ঢাকাসহ দেশের প্রতিটি রাজপথে আন্দোলন গড়ে তোলার কথাও বলেন। খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব যুবায়ের এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ নেজামে পার্টির মাওলানা আব্দুর রহমান কাশেমী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল ইসলাম হাওলাদার, নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, এবি পার্টির মুখ্য সমন্বয়ক খালিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. অহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি আব্দুল কাদের কাসেমী, ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ দাঁড়িয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়েছেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মূলত সরকারকে লাল কার্ড দেখিয়েছেন। তিনি আরও বলেন, এ অঞ্চলের বিলের পানি নিষ্কাশন এবং বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এলেও এখন সেসব প্রতিশ্রুতি ভুলে গেছে। বর্তমান সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ জনগণ 'হ্যাঁ' ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে তামাশা করছে। বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণ মেনে নেবে না। এ সময় তিনি সরকারকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।