বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলার সাপ্তাহিক হাটে স্বামী-স্ত্রী পরিচয়ে ক্রেতা সেজে এক আম বিক্রেতাকে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাটে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী খুকু বেগম (৩৯) জানান, তিনি হাটে আম ও কাঁঠাল বিক্রি করছিলেন। এ সময় এক নারী ও এক পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে তার দোকানে এসে আম কেনার আগ্রহ প্রকাশ করেন। তারা একটি আম হাতে নিয়ে সেটিতে গন্ধ বের হচ্ছে কি না তা নাকের কাছে নিয়ে শুঁকতে বলেন। খুকু বেগম আমটি নাকের কাছে নেওয়ার কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন।স্থানীয়রা জানান, খুকু বেগম দীর্ঘ সময় দোকানে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না।এ সুযোগে প্রতারক চক্রটি তার ব্যাগে থাকা সারাদিনের বিক্রির আনুমানিক ৬ থেকে ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাপ্তাহিক হাটে এ ধরনের প্রতারণার ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা হাটে নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।