বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকায় পূর্বশত্রুতার জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এসএমএ আলীম ওরফে আলীজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো আলীমের চাচাতো ভাই মৎস্য ঘের পাহারা দিয়ে বাড়িতে ফিরে যান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘেরের মালিক ইমদাদুল শেখ খবর দেন যে, আলীমের বজরা বিলের মৎস্য ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে গিয়ে দেখা যায়, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, মনোসেক্স তেলাপিয়া ও কৈসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পানিতে ভেসে উঠেছে।
ভুক্তভোগী আলীম পেশায় একজন দলিল লেখক এবং স্থানীয়ভাবে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন, একদল মাদকসেবী দীর্ঘদিন ধরে তার ঘেরসহ আশপাশের কয়েকটি মৎস্য ঘেরের বেড়িবাঁধে বসে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। তাদের এ কর্মকাণ্ডে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে এ ধরনের নাশকতা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।এলাকাবাসী ও অন্যান্য মৎস্য ঘের ব্যবসায়ীরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।