বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার দিনব্যাপী আয়োজনে ছিল প্রভাতে ঠাকুর জাগরণ, মঙ্গল শোভাযাত্রা, নাম-সংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক গান ও নৃত্য এবং নর-নারায়ণ সেবা।চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে বেলা ১১টায় খুলনা-চালনা মহাসড়কে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। সন্ধ্যায় সেবাশ্রমে ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেবাশ্রমের সভাপতি বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সেবাশ্রমের সাধারণ সম্পাদক বিজয় টিকাদার ও অবসরপ্রাপ্ত শিক্ষক বিজন মল্লিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিতেষ দাস, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।এছাড়া বটিয়াঘাটা উপজেলা সদরের নাটমন্দিরের উদ্যোগে বিকেল ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এদিকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা, প্রার্থনা, নাম-সংকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তদের ব্যাপক অংশগ্রহণ ছিল।