বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মীয় সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুপ্তমারী এলাকার বাসিন্দা নলিনী রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ছয়ঘরিয়া মৌজার আরএস খতিয়ান নং ১৮৬ ও ৪৯ এবং দাগ নং ১৮৮৭ ও ১৬৩০ অনুযায়ী ০.৪১ একর জমির মধ্যে ০.২০০৫ একর জমি নলিনী রায়ের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার জমিটি ভোগদখলে আছেন বলে দাবি করেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. জাকিরিয়া শেখ, মো. আল আমিন শেখ, মোকছেদ খান, হোসনা বেগম ও মাহিদুল ইসলাম শাহীনসহ কয়েকজন সম্প্রতি জোরপূর্বক জমিতে প্রবেশ করে ঘরবাড়ি নির্মাণের উদ্যোগ নেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে ১নং জলমা ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে ইউপি ফরম-১১ মূলে (মোকদ্দমা নং জি,আর-৪৯/১৫) সালিশ বৈঠক হলেও তা অমান্য করা হয় বলে অভিযোগে বলা হয়।পরে এ বিষয়ে মামলা নং-৯৪/২০১৬ দায়ের করা হলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এ অবস্থায় জমির মালিকানা ও আদালতের নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নলিনী রায়।উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।