বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রতীকধারী প্রার্থী প্রসেনজিৎ দত্ত তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর পারিবারিক ও ব্যক্তিগত কারণ বিবেচনায় নিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা প্রভাবের কারণে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।এছাড়া তিনি জানান, খুলনা-১ আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি সমর্থন করবেন না। তবে তিনি তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা যেন নিজ নিজ বিবেচনায় ভোটাধিকার প্রয়োগ করেন।উল্লেখ্য, প্রসেনজিৎ দত্ত বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তিটির অনুলিপি জেলা প্রশাসক কার্যালয়, খুলনা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।