নিজস্ব প্রতিবেদক,দাকোপ।।খুলনার দাকোপ উপজেলায় মাই টিভির (My tv) ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাই টিভির পরিচয়পত্র (আইডি কার্ড), গলায় ঝোলানো ফিতা (ল্যানইয়ার্ড) এবং প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে নিজেকে মাই টিভির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
জানা গেছে, বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মাই টিভির খুলনা বিভাগীয় প্রধানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দাকোপ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দাকোপ থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
মাই টিভির খুলনা বিভাগীয় টিম জানিয়েছে, প্রতিষ্ঠানটির নাম, লোগো ও পরিচয়পত্র ব্যবহার করে কেউ যাতে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।স্থানীয়দের মতে, গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং সাধারণ মানুষের আস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।