খুলনার খানজাহান আলী রোডের সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাঁচজন যুবক খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশনে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগে ওই পাঁচজন যুবক চাইনিজ কুড়াল বের করে বিভিন্ন জিনিস কোপাতে থাকে। তাদের হামলায় দু’টি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস, রিসিপশন কাউন্টার ভেঙে ফেলে। যার আগে তারা ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থাকা এক ব্যক্তি বলেন, দুর্বৃত্তরা সংখ্যায় ৫ জন ছিল। তাদের সবার হাতে চাইনিজ কুড়াল ছিল।সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।উল্লেখ্য, ২৪ অক্টোবর রাতে বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য গুলি করে। এ ঘটনার একদিন পর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় একদল দুর্বৃত্তরা যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনার ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডের আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ঠিক এ ঘটনার চারদিন পর খানজাহান আলী রোডের এ্যাপোলে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।
বিস্তারিত আসছে..